Published : 25 Jun 2026, 12:54 PM
ইলন মাস্কের মালিকানাধীন এক্সএআইয়ের (xAI) সাবেক এক প্রকৌশলী অভিযোগ করেছেন যে, প্রতিষ্ঠানটির তৈরি গ্রোক চ্যাটবটের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করার কারণে তাঁকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই অন্যায্য বরখাস্তের অভিযোগে এক্সএআই এবং এর সহযোগী সংস্থা স্পেসএক্সের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার এক আদালতে মামলা দায়ের করেছেন ডেভিন কিম। মামলার নথি অনুযায়ী, গ্রোক চ্যাটবটের মানোন্নয়ন এবং দ্রুত উন্মুক্তকরণের ক্ষেত্রে এক্সএআই নিরাপত্তার চেয়ে পণ্যের দ্রুত অগ্রগতিকে বেশি অগ্রাধিকার দিয়েছিল। সেই সময় ডেভিন কিম গ্রোক চ্যাটবটের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান যে, এই চ্যাটবট বৈষম্যমূলক বক্তব্য বা আচরণকে উৎসাহিত করতে পারে এবং এমনকি গণবিধ্বংসী অস্ত্র সংক্রান্ত তথ্য ছড়ানোর মাধ্যম হিসেবেও ব্যবহৃত হতে পারে। গ্রোকের পরবর্তী কিছু বিতর্কিত কার্যকলাপ কিমের উদ্বেগকেই সত্য প্রমাণ করলে তিনি গ্রোকের রাজনৈতিক পক্ষপাত, বৈষম্যমূলক প্রবণতা এবং নিরাপত্তাজনিত ঝুঁকি নতুন করে মূল্যায়ন করার উদ্যোগ নেন।
কিন্তু এই উদ্বেগগুলো ভালোভাবে গ্রহণ না করে এক্সএআই এবং গ্রোক চ্যাটবটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার জন্য কিমকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়। কিমের দাবি, তিনি ২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর তাঁর অনুসন্ধান ও মূল্যায়নের ফলাফল আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন। তবে তাঁর আগেই এক্সএআইয়ের সহপ্রতিষ্ঠাতা জিমি বার তাঁকে একটি বৈঠকে ডেকে জানান যে, তাদের 'আলাদা পথে এগিয়ে যাওয়া উচিত'। কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো, সে বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা কিমকে দেওয়া হয়নি। ফলস্বরূপ, কিম আর্থিক ক্ষতিপূরণসহ এক্সএআই ও স্পেসএক্সের কার্যক্রম বেআইনি ঘোষণার আবেদন করেছেন।
সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) মাধ্যমে স্পেসএক্স রেকর্ড ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি ডলার সংগ্রহ করেছে। বাজার বিশ্লেষকদের মতে, এটি ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক শেয়ার বিক্রির ঘটনা।।